'নগর সরকার' চায় সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের মহানগরগুলোতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। ঢাকা উত্তর ও দ‌ক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দল দুটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, ‘আমরা আপাতত মহানগরগুলোতে নগর সরকারের দাবি করছি।’
ঢাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কার্যকর ‘নগর সরকার’ প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার উন্নয়নকাজে নিয়োজিত সংস্থাগুলোর সমন্বয় দরকার।
এ ছাড়া ঢাকাকে সবার বাসযোগ্য নগরে পরিণত করার উদ্যোগ এগিয়ে নেওয়া যাবে না।

দল দুটি স্থানীয় সরকারের নির্বাচন রাজনৈতিকভাবে করারও দাবি জানান। এ ব্যাপারে রুহিন হোসেন বলেন, সিপিবি-বাসদ অনেক আগে থেকে স্থানীয় সরকারের নির্বাচন রাজনৈতিকভাবে করা উচিত বলে দাবি করে এসেছে। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত ও এটি জরুরি।

সিপিবি বাসদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আব্দুল্লাহ আল কাফী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বজলুর রশীদ ফিরোজকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে রুহিন হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থাকে টাকার খেলা, সন্ত্রাস, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি মুক্ত না করতে পারলে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করা যাবে না।

সংবাদ সম্মেলন থেকে জামানত বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, প্রার্থীদের বিনা মূল্যে ভোটার তালিকা সরবরাহ, তফসিল ঘোষণার আগেই যারা কোটি কোটি টাকা ব্যয় করেছে তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিপিবি নেতা শামসুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির, সাজেদুল হক, বাসদ নেতা জাহিদুল হক প্রমুখ।