'নতুন বিএনপি' গড়ার উদ্যোগ!
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শুক্রবার সকালে নতুন বিএনপি গড়ার ঘোষণা দিয়েছেন কামরুল হাসান নামের এক ব্যক্তি। তিনি এর আগে শাহেদা ওবায়েদের নেতৃত্বাধীন ‘গড়ব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের মুখপাত্র ছিলেন।
গুলশানের লেকশোর হোটেলে এ অনুষ্ঠানে কামরুল হাসান ছাড়া আর কেউ বক্তব্য দেননি। অল্প কয়েকটি গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। কামরুল হাসান তাঁর বক্তৃতায় দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পরিচালনায় থাকা বিএনপি অবৈধ। জিয়াউর রহমানের বিএনপিকে ফেরত আনতে নতুন বিএনপি গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তখন জানানো হবে, এর সঙ্গে আর কারা আছেন।
পরে জানতে চাইলে কামরুল হাসান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কেবল দল গোছানোর কাজ করছেন। এর সঙ্গে আর কারা আছেন, তা তিনি প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, এই উদ্যোগে সরকারি কোনো সংস্থার উৎসাহ বা যোগসাজশ নেই।
লেকশোর হোটেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইকেবানা হলরুমটি গতকালের জন্য ৪০ হাজার টাকায় ভাড়া করেন জাভেদ ওমর রাব্বি নামের এক ব্যক্তি। তিনি গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেকে ‘বিএনপির সংকটকালীন দলের সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন।
জাভেদ ওমর প্রথম আলোকে বলেন, তিনি নতুন বিএনপির দপ্তর সমন্বয়কের কাজ করছেন। তিনি ব্যক্তিজীবনে কী করেন, সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি।
গতকাল দুপুরে খোঁজ নিতে গেলে লেকশোর হোটেলের একাধিক কর্মী বলেন, ওই ঘোষণা অনুষ্ঠানে দর্শকসারিতে লুঙ্গি পরা ও স্যান্ডেল পায়ে শতাধিক ব্যক্তি বসা ছিলেন। কেউ কেউ ছেঁড়া লুঙ্গি পরা ছিলেন। একজন নিরাপত্তারক্ষী বলেন, ‘দেখে মনে হয়েছে, বস্তিবাসী বা ভ্যান-রিকশাওয়ালাদের আনা হয়েছে।’ অবশ্য কামরুল হাসান দাবি করেন, অনুষ্ঠানে যাঁরা ছিলেন, সবাই দলের কর্মী।
নতুন বিএনপি গড়ার এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি অর্থমন্ত্রীর ভাষায় বলতে চাই, “অল আর রাবিশ”।’