'নরম' কর্মসূচি দিয়ে আন্দোলন করবে বিএনপি জোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ-পরবর্তী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জোটের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে আপাতত শান্তিপূর্ণ ‘নরম’ কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করার বিষয়ে জোটের নেতারা একমত প্রকাশ করেন। বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও হত্যার প্রতিবাদে ১৬ আগস্ট মৌন মিছিল এবং সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। জোটগতভাবে এসব কর্মসূচি পালন করা হবে। চলতি মাসের শেষের দিকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে জেলায় জেলায় সফর করবেন জোটের নেতারা।
বৈঠকে জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদের অংশটির প্রতিনিধিত্ব ছিল। বৈঠক শেষে ফরহাদ প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোটের শরিকেরা তাঁর দলকে স্বাগত জানিয়েছেন। শওকত হোসেন নিলুকে (এনপিপির অপর অংশের চেয়ারম্যান) জোট থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
বৈঠক শেষে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (আজ) দুপুরে জোটের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করবেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, জাতীয় পার্টির (জেপি) আন্দালিব রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিনসহ জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।