'নাশকতায় টাকা দিচ্ছে কিছু ব্যবসায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার জন্য কিছু ব্যবসায়ী টাকা দিচ্ছেন বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আকতার। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যাঁরা নাশকতায় মদদ দিচ্ছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে নাশকতাকারীদের তালিকা আওয়ামী লীগের কাছে রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নাশকতাকারীদের প্রতিও সহিংস আচরণ করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
রাজনীতি ও পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের দুই ব্যক্তি গতকাল রোববার চট্টগ্রামে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
চট্টগ্রামে ১৪ দল আয়োজিত সমন্বয় সভায় সাবেক মেয়র বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য আমাদেরকেও পাল্টা আঘাত করতে হবে। পেট্রলবোমা হামলাকারী ও নৈরাজ্যকারীরা দেশের শত্রু। ওদের গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।’ চট্টগ্রাম মহানগরের পাড়ামহল্লায় ১৪ দলের ব্যানারে নাশকতাবিরোধী স্কোয়াড গঠনের কথাও বলেছেন তিনি।
খালেদা জিয়ার উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘অনেক ধৈর্য ধরেছি। আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আপনি হামলা ও নৈরাজ্য বন্ধ করুন। নইলে আপনিও রক্ষা পাবেন না। আপনার জোটেরও কেউ রক্ষা পাবেন না।’ তিনি বলেন, ‘নাশকতা কারা করে, সেটা আমাদের জানা আছে। তাদের তালিকাও আমাদের কাছে আছে। তারা সহিংসতা পরিহার না করলে আমরাও সহিংস আচরণ করতে বাধ্য হব। তাদের সাবধান করে দিচ্ছি, পেট্রলবোমা-ককটেল ফাটানো বন্ধ করো।’
অন্যদিকে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার হাফিজ আকতার বলেন, ‘কয়েক দিন ধরে একটা কথা উঠে আসছে যে পুলিশ কেন গুলি করে? কেন মারে? ব্রিটিশ আইনে আছে, যদি কোনো দিক থেকে মারার উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তির সম্পত্তি (গাড়ি বা বাড়িঘর) পোড়ানোর উদ্দেশ্যে কেউ যদি কোনো কিছু করতে চায়, তাকে কিন্তু হত্যা করা যেতে পারে। এটা আইনের কাভারেজ। এটা ফলাও করে বলার কিছু নেই।’
পুলিশ সুপার বলেন, যেকোনো জায়গায় কেউ যদি নাশকতার ঘটনা ঘটায়, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গুলি করবে। একই কাজ বিজিবি ও র্যাব করবে। তিনি বলেন, এটা (গুলি করা) আইনের আওতায় পড়ে। এটা আত্মরক্ষার অধিকার।