'নিজের পরিণতি নিয়ে ভাবুন'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের পরিণতি নিয়ে ভাবতে বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো’ গতকাল এলডিপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ এমন মন্তব্য করেন।
হাছান মাহমুদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘দয়া করে আপনি নিজের পরিণতি নিয়ে ভাবুন। সরকারের পতন না ঘটিয়ে বাড়ি ফিরে যাবেন না ঘোষণা দিয়ে আপনি নিজেই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’ তিনি বলেন, গতকাল বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য ছিল, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। সে লক্ষ্যের ছয় বছর আগেই লক্ষ্যমাত্রাটি অর্জিত হয়েছে। এর সঙ্গে তিনি যোগ করেন, বিশ্ব আজ স্বীকার করে নিয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অভাবনীয় সাফল্যের কারণে বিশ্ব সম্প্রদায় যেখানে আজ সরকারের প্রশংসা করছে, সেখানে বিএনপির চেয়ারপারসন বলছেন এই সরকারের নাকি কোনো অর্জন নেই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি সৈয়দ হাসান ইমাম সভায় সভাপতিত্ব করেন।