পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না ২২ বছর। এখানে দলের নিয়ন্ত্রণ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংসদ এ কে এম এ আউয়ালের হাতে।
জেলা কমিটির অন্য শীর্ষ নেতারাও নিজেদের অবস্থান ধরে রাখতে সম্মেলনের ব্যাপারে আগ্রহী নন বলে অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন জানান, কেন্দ্র উদ্যোগ নেয়নি বলেই এত দিন সম্মেলন হয়নি।
দলের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে ক্ষিতীষ চন্দ্র মণ্ডল সভাপতি, এ কে এম এ আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে ওই কমিটি ভেঙে দিয়ে চণ্ডীচরণ পালকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি। ২০০১ সালে চণ্ডীচরণ পাল পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় কমিটি শুধাংশু শেখর হালদারকে সভাপতি, এ কে এম এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়। ২০০৪ সালে শুধাংশু শেখরের মৃত্যুর পর থেকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকরাম হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক ছাত্রলীগ নেতা জানান, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। এ কারণে অনেক ত্যাগী ছাত্রনেতা বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সংগঠন গতিশীল ও চাঙা রাখতে তরুণদের হাতে নেতৃত্বে দিতে হবে।
পিরোজপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা শিকদার জানান, ২০১৩ সালে গণভবনে পিরোজপুরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, দুই মাসের মধ্যে সম্মেলন না হলে কমিটি ভেঙে দেওয়া হবে। এরপর দেড় বছর পেরিয়ে গেল। প্রধানমন্ত্রী তাঁর কথা রাখলেন না। তিনি আরও জানান, ত্যাগী ও হিন্দু নেতাদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে না।
অভিযোগ রয়েছে, পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল নিজের মতো করে দল চালাচ্ছেন। জেলার রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদগুলোয় সাংসদ নিজের ভাই ও অনুগত ব্যক্তিদের বসিয়েছেন। উপজেলা কমিটিগুলোয় তৃণমূলের মতামত উপেক্ষা করে সাংসদ নিজের পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করেছেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান জানান, জেলার রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে সাংসদ তাঁর ছোট ভাই হাবিবুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভার মেয়র ও আরেক ভাই মজিবর রহমানকে প্রভাব খাটিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা আমিনুর রশিদ বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর কাউখালীতে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে আউয়াল সাহেব নিজের পছন্দের লোক দিয়ে পকেট কমিটি ঘোষণা করেন। আমরা তাৎক্ষণিক ওই কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করি।’
এ কে এম এ আউয়াল জানান, সম্মেলন না হলেও বিভিন্ন সময় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা কমিটির পক্ষ থেকে সম্মেলন করার জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। উপজেলার কমিটিগুলোয় সম্মেলন করে গোপন ভোটে কমিটি গঠন করা হয়েছে। আমার এক ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। আরেক ভাই তৃণমূল আওয়ামী লীগের ভোটে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এখানে আমার কী করার আছে।’
আগামীকাল পড়ুন: পিরোজপুর জেলা বিএনপি/ অস্তিত্ব রক্ষায় আউয়ালের সঙ্গে ‘আপস’