'নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অটল বিএনপি'

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি অটল থাকবে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
শনিবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। অনুষ্ঠানে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ভাসানী স্মৃতি সংসদের সহসভাপতি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের নিন্দা ও তাঁর মুক্তির দাবি জানিয়ে খালেদা বলেন, শফিক রেহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানেরও মুক্তির দাবি জানান।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।
বিএনপিতে যোগ দেওয়া বাম ধারার সাবেক এই নেতাদের স্বাগত জানিয়ে খালেদা বলেন, ‘আমরা ভুলে গেছি কে ডান, কে বাম। ক্ষমতা আমাদের কাছে বড় নয়। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে খালেদা জিয়া অভিযোগ করেন, যারা চায় না দেশ এগিয়ে যাক, তারা ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু সবাই মিলে বিএনপির হাল ধরেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপিতে যোগ দেওয়া নেতারা বক্তব্য দেন।