'নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদালতে আসবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা বাতিলসহ আমরা তিনটি আবেদন করেছিলাম। আদালত তা “নথিজাত” করেছেন। শুনানির পরবর্তী তারিখ ৫ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া নিরাপত্তা পেলে আদালতে আসবেন। বিচারের রায় নিয়ে তিনি চিন্তিত নন। আজ তাঁর আদালতে না আসার পেছনে অনেকগুলো কারণ আছে।’ এর মধ্যে নিরাপত্তার কারণই প্রধান বলে তিনি উল্লেখ করেন।

আজ বুধবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাসুদ আহমেদ তালুকদার।

বিএনপির আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আদালত যেহেতু ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন, এ সময় পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা “স্থিতি” অবস্থায় থাকবে।’

গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার এ আবেদনের শুনানি হবে। এ ব্যাপারে সানাউল্লাহ মিয়া মনে করেন, এ কারণেই আজ বিশেষ আদালত কৌশলী হয়ে আদেশ দিয়েছেন।