'নিরুদ্দেশ' রিজভীর হঠাৎ আত্মপ্রকাশ
পুলিশের নজরদারি এড়িয়ে গতকাল বুধবার রাতের কোনো একসময় রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। গতকাল বুধবার দিনভর গা ঢাকা দিয়ে থাকার পর বিকেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি।
রাজধানীর গুলশানে একটি বাড়িতে রিজভী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমি রাজনৈতিক কৌশলে বেরিয়ে এসেছি।’
হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে চারটার দিকে রুহুল কবীর রিজভীর খোঁজখবর নিতে কেবিনে যান হাসপাতালের সেবিকা লাবণী। তিনি সেখানে গিয়ে দেখেন রিজভী নেই। এরপর পুরো হাসপাতাল খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের ধারণা, রাত ১২টার পর কোনো একসময় কাউকে না জানিয়ে রিজভী হাসপাতাল ছেড়ে যান। রোগী রিজভীর খোঁজ না পেয়ে অ্যাপোলো হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা শাহ আলম গতকাল ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে রিজভীর নিখোঁজ হওয়াসহ হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধ না করার কথাও উল্লেখ করা হয়।
জিডির বিষয়টি ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) হাবিবুর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গত শনিবার গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। বুধবার শেষ রাতে তিনি গোপনে হাসপাতাল ছেড়ে গুলশানের একটি বাড়িতে ওঠেন। রিজভীর এভাবে নিরুদ্দেশ হওয়া নিয়ে গতকাল দিনভর নানা ধরনের আলোচনা হয়। গতকাল তিনি ওই বাড়িতে সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০-দলের অবরোধ কর্মসূচি চলবে। তিনি খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এ বিষাক্ত পেপার স্প্রে করার পর থেকে তিনি অসুস্থ। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।