'নির্বাচন কমিশন সরকারদলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে'
নির্বাচন কমিশন সরকারদলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে। তারা নিজেদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ না করে সরকারি দলের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটের নামে তারা জাতির সঙ্গে প্রহসন করছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এই কমিশনের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন শেষ হওয়ার পর ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপি কঠোর আন্দোলনে নামবে।
আজ শুক্রবার বিকেলে নগরের চট্টেশ্বরী রোডের বাসভবন ডালিয়া কুঞ্জে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এসব কথা বলেন।
আজ শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া এবং কক্সবাজারের রামুর বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের লোকজনের ‘ত্রাসের রাজত্ব’ কায়েম, ভয়ভীতি প্রদর্শন, স্থানীয় প্রশাসনের ‘নগ্ন ভূমিকা’ এবং বিএনপি প্রার্থীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মীর নাছির বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থী তথা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে সরকারি দলের প্রার্থী ও তাঁদের ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপির প্রার্থীদের বাসা-বাড়িতে হামলা, ভাঙচুর, প্রার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কোনো কোনো প্রার্থীকে এলাকাছাড়া করা হচ্ছে।
মীর নাছিরের অভিযোগ, ‘এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা জেনেও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। আমরা নির্বাচনে অংশ নিয়ে সরকারের ভোট চুরির মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিয়েছি। আসলে সারা দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। সরকারদলীয় প্রার্থীদের বিজয় ঘোষণা করাই যেন নির্বাচন কমিশনের দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিতি ছিলেন।