'নির্বাচন করতে না দিলে এক মাসেই সরকার পতন'

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে। তিনি বলেন, ‘আমাকে যদি নির্বাচন করতে দেওয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ।’
আজ রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। পরে তাঁর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানে হয়।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী শিডিউল পরিবর্তন করা হয়েছে, ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করেছে। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে এত ভয় কীসের? তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে কখনো কালিহাতীর মানুষের সেবা করার সুযোগ পাইনি। আমার জীবন কালিহাতীর মানুষের জন্য উৎসর্গ করব, তবুও অন্যায়ের কাছে মাথানত করব না।
কাদের সিদ্দিকী বলেন, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। অথচ আমাকে আজ ঋণখেলাপি বলা হয়, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা।
কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, রফিকুল ইসলাম, হাসমত আলী, আবদুল হাই খান প্রমুখ।