চট্টগ্রামের রাউজানের ১৪ ইউনিয়নের মধ্যে ১১টিতে আগেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যে কারণে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ ছিল না। ভোটকেন্দ্রেও ভোটারের দীর্ঘ সারি ছিল না।
১৪ ইউনিয়নের মধ্যে একমাত্র বিনাজুরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ছিলেন। তবে গতকাল সকাল ১০টায় বিএনপির প্রার্থী অমলেন্দু শীল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করেছেন।
বেলা পৌনে ১১টার দিকে বিনাজুরি নবীন উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দেখা পাওয়া যায়নি। তিনটি ভোটকক্ষের কোনোটিতে ধানের শীষের এজেন্টও ছিল না। কেন্দ্রের মাঠে দাঁড়িয়ে ছিলেন রাউজান থানার উপপরিদর্শক মো. আল আমীন। তিনি বলেন, ‘নির্বাচন খুবই সুন্দর হচ্ছে। কোথাও কোনো গন্ডগোল নেই। সুষ্ঠু হচ্ছে।’ ভোটার নেই কেন জানতে চাইলে তিনি বলেন, এটা তো পুলিশের দায়িত্ব না। এটা তো প্রার্থী ও ভোটারের বিষয়।
বিএনপির এজেন্ট কোথায় জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাঞ্চন বিশ্বাস বলেন, ‘একজন ছিলেন তো। এখন কোথায় গেছেন জানি না।’ তিনি বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রের ৬৪৭ ভোটের মধ্যে ২৩১ ভোট পড়েছে।
বিকেল পৌনে পাঁচটায় একই প্রিসাইডিং কর্মকর্তা কাঞ্চন বিশ্বাস বলেন, সারা দিনে মোট ৪৯১ ভোট পড়েছে। এর মধ্যে নৌকা ৪৭১ এবং ধানের শীষ পেয়েছে ২০ ভোট।
বিনাজুরিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সুকুমার বড়ুয়া। প্রতিটি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ছিল তাঁর পক্ষের লোকজন। ছিল নৌকার ক্যাম্পও। কিন্তু পুরো এলাকা ঘুরে কোথাও বিএনপির প্রার্থী অমলেন্দু শীলের পক্ষের কোনো লোক দূরে থাক, একটি পোস্টার দেখা যায়নি।
সকালে অমলেন্দু শীল ভোট দিয়ে একা একা কয়েকটি কেন্দ্র ঘুরেছেন। দুপুর ১২টার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান বলেন, ‘সকাল থেকে বিনাজুরিতে ভোটকেন্দ্র দখল হয়েছে। আমাদের প্রার্থী জানিয়েছেন। আমরা অভিযোগও করেছি। কিন্তু প্রতিকার পাইনি।’
জানতে চাইলে বিনাজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ-ই-জাহান বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’
ভোটের এক দিন আগে গত বৃহস্পতিবার রাউজানের কদলপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মোজাহিদ উদ্দিন চৌধুরী এবং নোয়াপাড়া ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন গত শুক্রবার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দুজনই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ করেন। তবে হুমকি-ধমকি এবং ভয়ভীতির অভিযোগ করার পরও শেষ পর্যন্ত বিনাজুরি ইউনিয়নে বিএনপির প্রার্থী অমলেন্দু শীল নির্বাচন করার বিষয়ে অনড় ছিলেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় পূর্ব বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা যায় বুকে নৌকা প্রতীকের ব্যাজ লাগিয়ে ১৫-২০ জন যুবক দাঁড়ানো। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাঁরা বলেন, ‘নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। কোনো সমস্যা নেই।’ এ সময় কেন্দ্রের আশপাশের কোথাও বিএনপির কোনো কর্মীরা ছিলেন না। কেন্দ্রের ভেতরেও ধানের শীষের এজেন্টও ছিলেন না।
রাউজানে ১৪ ইউনিয়নের মোট ৬৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। কোনো ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়নি বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।
তবে বেলা দুইটার দিকে উরকিরচর আবুরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একইভাবে উনসত্তরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।