'নির্বাচন নিয়ে ফের ভাববে বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠ পরিস্থিতি ধারাবাহিকভাবে উন্নত না হলে বিএনপি নির্বাচনে থাকবে কি থাকবে না, সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মো. শাহজাহান বলেন, বিএনপির পক্ষ থেকে সিইসিকে এ কথা বলা হয়েছে। বিএনপি নির্বাচনে এসে কমিশনকে সুযোগ তৈরি করে দিয়েছে নিজেদের ভাবমূর্তি উদ্ধারে। কিন্তু কমিশন সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তারা সরকারের পরামর্শে চলে সেই সুযোগ হাতছাড়া করেছে। প্রথম ধাপে বিএনপির দাবি অনুযায়ী ব্যবস্থা নিলে দ্বিতীয় ধাপে এমন অবস্থা হতো না। তিনি বলেন, সিইসি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কোনো নির্বাচনেই তাঁরা সফলতা দেখাতে পারেননি। যেখানে খেলা শুরু হওয়ার আগেই ফল তৈরি হয়ে যায়, সেখানে খেলে লাভ কী? এ অবস্থা চলতে থাকলে বিএনপিকে নতুন করে ভাবতে হবে নির্বাচনে থাকবে কি থাকবে না।
মো. শাহজাহান আরও বলেন, যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। দু-চারজন পুলিশকে ডেকে ভর্ৎসনা করা যথেষ্ট নয়। নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাকে সিইসি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তিনি খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন।