'নির্বাচনী রাস্তা সংস্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে ঠাকুরগাঁও পৌর এলাকার অধিকাংশ সড়কেরই কার্পেটিং উঠে খানাখন্দ তৈরি হয়েছিল। গর্ত ও কাদাপানিতে একাকার এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো পৌরবাসীকে। দীর্ঘদিন রাস্তাগুলোর সংস্কারে কোনো উদ্যোগ না নিলেও পৌর নির্বাচনের এ সময়ে শহরের আশ্রমপাড়ায় চলছে রাস্তা সংস্কারের তোড়জোড়। এই তোড়জোড়কে ‘নির্বাচনী রাস্তা সংস্কার’ ছাড়া কিছু না বলেই মনে করছেন এলাকাবাসী।
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনের আগে পৌরসভার নির্বাচনী এলাকায় কোনো প্রকল্প অনুমোদন ও ফলক উন্মোচন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সব ধরনের উন্নয়ন কর্মসূচি চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কোনো ধরনের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে ইসির ওই পরিপত্রে জানানো হয়েছে। গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এ নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুলিপি।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে পারবেন না। কিংবা এ ধরনের কোনো সভায়ও তাঁরা অংশ নিতে পারবেন না। এ ছাড়া নির্বাচনপূর্ব সময়ে পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ ছাড় দিতে পর্যন্ত পারবেন না।
কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া মহল্লায় গিয়ে দেখা গেছে, রাস্তা সংস্কারের কাজ চলছে। পৌরসভা কর্তৃপক্ষ সে কাজ তদারক করছে। পাশে দাঁড়িয়ে আছেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম সফিউল এনাম পারভেজ। সংস্কারকাজের ছবি তুলতে গেলে সেখান থেকে সরে যান সফিউল এনাম। পরে তিনি ব্যস্ত শ্রমিকদের ভালোভাবে কাজটি করার নির্দেশ দেন। সে সময় বলেন, ‘এদিক দিয়ে যাচ্ছিলাম। রাস্তা সংস্কারের কাজ দেখে একটু দাঁড়িয়েছি। এ কাজের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
পৌর এলাকার আশ্রমপাড়ার ভোটার আলাউদ্দিন বলেন, এত দিন মহল্লায় রাস্তাগুলো ভাঙাচোড়া ছিল। এখন ভোট আসছে। আর সেগুলো সংস্কার করা শুরু হয়েছে।
মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আল মামুন বলেন, গত পাঁচ বছরে রাস্তা সংস্কারের এত তোড়জোড় দেখা যায়নি। দেখেই বোঝা যায়, কোনো বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এ সংস্কারকাজ চলছে।
আশ্রমপাড়া মহল্লার আরেক বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘গত কয়েক বছর সড়ক মেরামত না করায় আমরা দুর্ভোগে ছিলাম। এখন পৌরসভার মেয়াদ শেষে কাজ হচ্ছে। এটা তো নির্বাচনী রাস্তা সংস্কার ছাড়া আর কিছু না।’
বর্তমান পৌর মেয়র এস এম এ মঈন বলেন, ‘পৌর এলাকার অনেক সড়কের কাজ হাতে আছে। আমি নির্বাচনে অংশ নিচ্ছি না। তাই ভেবেছি দায়িত্ব হস্তান্তরের আগেই কাজগুলো শেষ করে ফেলব। তাই নির্বাচনের সময়ও কাজ চলছে। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আ ফ ম ফজলে রাব্বী বলেন, সব পৌরসভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও অংশগ্রহণে নিষেধ করা হয়েছে। আশ্রমপাড়ার বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।