'নির্বাচনের পর দলে শুদ্ধি অভিযান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দলের ভেতর শুদ্ধি অভিযান চালানো হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি মনোনয়ন-বাণিজ্যে জড়িত নেতা-কর্মীদের তালিকা দলীয় সভানেত্রীর কার্যালয়ে দেওয়া হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরীতে মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শনে এসে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়কে ২৬টি সেতু, ৬০টি কালভার্ট ও ৫টি উড়ালসড়ক নির্মাণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কটি চার লেনে উন্নীত করার কাজ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তা না হলে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে। এ সময় তিনি লোকজনকে দীর্ঘস্থায়ী স্বস্তি পেতে সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।