'নূর হোসেন হত্যার জন্য আমাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ নূর হোসেন ও ডা. মিলন হত্যার জন্য আবারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘নূর হোসেন ও ডা. মিলন হত্যাকাণ্ডের জন্য আমার ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।’

আজ সোমবার দুপুরে বনানী কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোকসভায় এরশাদ এ দাবি করেন। দলের ঢাকা মহানগর উত্তর এ শোকসভার আয়োজন করে।

এরশাদ বলেন, ‘এখন নূর হোসেনকে নিয়ে কত কথা হয়। অথচ নূর হোসেনের জায়গায় একটা স্মৃতিসৌধও কেউ তৈরি করেনি। রাস্তায় সবাই ফুল দেয়। এই জিরো পয়েন্ট তো আমার তৈরি। আমার তৈরি জায়গায় সবাই ফুল দেয়।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘বর্তমানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। গতকাল (রোববার) তিনটি মেয়ে মারা গেল। আজ মাগুরায় মারা গেল। প্রতিদিনই এখন শোক দিবস। প্রতিদিনই নূর হোসেন দিবস। ছেলে-মেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফিরছে। জনগণ এই অবস্থার পরিবর্তন চায়।’

এস এম ফয়শল চিশতীর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহদম্মদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, সুনীল শুভ রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।