'নৌকা'র প্রার্থী ছোট ভাই, বড় ভাই 'ধানের শীষের'
বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই পিয়ার উদ্দিন ও আহসান হাবিব। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনায় চলছে শেরপুর পৌরশহরেও।
পিয়ার উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব। দলের মনোনয়নে তাঁর প্রতীক ‘ধানের শীষ’। অন্যদিক তাঁর ছোট ভাই আহসান হাবিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর দলীয় প্রতীক ‘নৌকা’। ৭ মে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে খানপুর ইউনিয়নের ভাটরা, খানপুর, চকখানপুর, গোপালপুর ও শুবলী গ্রামের বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ভাই-ভাইয়ের লড়াই ভোটারদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। দুই ভাইয়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনার কমতি নিয়ে ভোটারদের মধ্যে।
ইউনিয়নের দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় এবার ওই দুই ভাই ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে। তাঁদের ভাষ্যমতে লড়াই হবে ত্রিমুখী।
শুবলী গ্রামের আবদুল জলিল বলেন, শুধু দলীয় বিবেচনায় নয়, ব্যক্তি পরিচয়ে তিন প্রার্থীই ভোট পাবেন। একই কথা বলেন, ইউনিয়নের ভাটরা গ্রামের একজন গৃহিণী।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে খানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ভোট সবচেয়ে বেশি পড়েছে। দলীয় প্রতীক নিয়ে এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এর ব্যতিক্রম ঘটবে না। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলামকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক বলেন, এবারের নির্বাচনে ধানের শীষ ও নৌকা প্রতীকের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
শেরপুর পৌরশহরের একটি হোটেলের ব্যবস্থাপক মো. মামুন বলেন, হোটেলে আগত স্থানীয় বেশির ভাগ ব্যক্তি ওই দুই ভাইয়ের লড়াই নিয়ে কথা বলছে। কেউ কেউ দুই ভাইয়ের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনাও করছেন।
বিএনপির প্রার্থী পিয়ার উদ্দিন বলেন, দলীয় আদর্শগত দিক থেকে তাঁরা দুই ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যক্তি ও দলীয়গত ভাবে নির্বাচনে তিনি (পিয়ার উদ্দিন) এবারে নির্বাচনে বিজয় নিয়ে আশাবাদী। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবিব বলেন, বিগত সময়েও তিনি খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারেও সাধারণ ভোটাররা তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবে।