'নৈরাজ্য' সামলানোয় ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ নিয়ন্ত্রণে রাখায় জেলা প্রশাসকদের (ডিসি) ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় মন্ত্রী এ ধন্যবাদ জানান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
আলোচনা শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল ডিসিরা সেটা দক্ষতার সঙ্গে সামলিয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে গত জানুয়ারিতে ৯২ দিনের নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ করার কারণেও তাঁদের ধন্যবাদ দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রতি জেলায় একটি করে পণ্য চিহ্নিত করে সেটাকে আরও পরিচর্যা করে কীভাবে রপ্তানি করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার জন্যও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এটি হচ্ছে, ‘এক জেলায় এক পণ্য’ নীতি। এ ছাড়া ভেজালবিরোধী অভিযানে ডিসিদের আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, খাদ্যে কেউ ভেজাল দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে শিল্প মন্ত্রণালয় নিয়ে ডিসিদের সঙ্গে এক আলোচনা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, শিল্প প্লট যাতে ঠিকভাবে বরাদ্দ হয় সে জন্য নির্দেশনা চেয়েছেন ডিসিরা। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসিদের জানানো হয়েছে।
এর আগে সকালে ডিসিদের সঙ্গে ভূমি, পররাষ্ট্র, পরিবেশ ও বন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে আলাদা আলাদা ​বৈঠক অনুষ্ঠিত হয়।