'নৌকা মার্কা যে পাইব হে-ই পাস করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণা হয়ে গেলেও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ নেই। অনেক ভোটার উপনির্বাচনের বিষয়টিই জানেন না। তবে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা।
গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-১ আসনের সাংসদ প্রমোদ মানকিন ভারতের একটি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে সংসদের শূন্য আসনে আগামী ১৮ জুলাই উপনির্বাচন হবে। গত ৬ জুন এর তফসিল ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেলে দুজন ভোটার বিস্ময় প্রকাশ করে বলেন, নির্বাচন (ইউপি) তো শেষ! এখন আবার কিসের নির্বাচন!
যেসব ভোটার উপনির্বাচনের বিষয়টি জানেন, তাঁদেরও এ নিয়ে তেমন আগ্রহ নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘নৌকা মার্কা যে পাইব হে-ই পাস করব। বিএনপি নির্বাচনে আইব না। অন্য কোনো দল আইলে বা স্বতন্ত্র প্রার্থী হইলেও প্রতিদ্বন্দ্বিতা হইব না। আবারও একতরফা নির্বাচন।’
তবে ভোটারদের মধ্যে কারও কারও আওয়ামী লীগের মনোনয়ন কে পান, তা নিয়ে আগ্রহ আছে। কয়েকজন বলেন, প্রমোদ মানকিনের ছেলে মনোনয়ন দৌড়ে আছেন বলে তাঁরা শুনেছেন। উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খানসহ আরও একাধিক নেতা মনোনয়ন পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দল থেকে প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং মনোনয়নপ্রত্যাশী হিসেবে আছেন। মনোনয়ন চেয়ে কেন্দ্রে আরও তদবির করছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহামেদ খান, একই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ইসমাইল হোসেন ও ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান আকন্দ।
মনোনয়নপ্রত্যাশীরা প্রত্যেকেই প্রথম আলো’কে বলেন, তাঁরা মনোনয়ন পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে না পেলেও কেউ ‘বিদ্রোহী’ হবেন না।
দলের একাধিক নেতা বলেন, দুই উপজেলায় প্রমোদ মানকিনের একক আধিপত্য ছিল। তাঁর প্রতি আনুগত্যের কারণে জুয়েল আরেংকে সমর্থন দিয়ে প্রার্থী করেছেন নেতা-কর্মীদের বড় একটা অংশ। অন্যদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা চান জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কেউ পরবর্তী সাংসদ হোন। তাঁরা দীর্ঘ দিন ধরে দল করছেন। পক্ষান্তরে জুয়েল আরেং মাত্র দুই মাস আগে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ পেয়েছেন। ছাত্ররাজনীতিও করেননি। দল যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলে বাবার উত্তরাধিকারী হিসেবেই দেবে।
ফারুক আহমেদ বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করি চার দশকের বেশি সময় ধরে। দলের জন্য আমার অনেক ত্যাগ আছে। জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। নিজেকে যোগ্য মনে করেই মনোনয়ন দাবি করছি। দল যদি নবীন কারও হাতে দায়িত্ব তুলে দেয় আমি সেটাও মানতে বাধ্য।’
কবীরুল ইসলাম বেগ বলেন, ‘আমি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। দীর্ঘ রাজনৈতিক জীবন আমার। আওয়ামী লীগ করার কারণে ১৯৭৫ সালের পর ২৬ মাস জেল খেটেছি। এত দিন যোগ্য নেতা (প্রমোদ মানকিন) ছিলেন। এখন তাঁর অবর্তমানে নিজেকে যথেষ্ট যোগ্য মনে করে মনোনয়ন দাবি করছি।’
আবদুল মান্নান আকন্দ বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। তবে দল যাকেই মনোনয়ন দিক, ধোবাউড়া আওয়ামী লীগ তাঁর পক্ষেই কাজ করবে।’
জুয়েল আরেং বলেন, ‘বাবাকে মানুষ ভালোবাসত। তাঁর মৃত্যুর পর উপজেলাবাসীই আমাকে রাজনীতিতে আসতে অনুরোধ করছে। তাঁদের অনুরোধেই আসা। দল যদি বিবেচনা করে, তাহলে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করব। আমার বয়স ৩৩ বছর। এটা যথেষ্ট পরিণত বয়স।’