'ন্যাশনালিস্ট পার্টি' নামে নতুন দল করবেন জিয়ার ভাই
নতুন রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। তিনি বলেছেন, দলের নাম হবে ‘ন্যাশনালিস্ট পার্টি’।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আহমেদ কামাল। তিনি ‘শহীদ জিয়া ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমেদ কামাল বলেন, ‘আমি নতুন দল করব। সে জন্যই তো এসেছি।’ কবে করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন করব তখন আপনাদের ডাকব।’
১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলে থাকবেন কি না, জানতে চাইলে আহমেদ কামাল বলেন, ‘আমি এই কাউন্সিল মানি না। আমি নতুন দল করব। এর নাম হবে ন্যাশনালিস্ট পার্টি।’ সাংবাদিকেরা নতুন দল গঠনের সময় জানতে চাইলে পেছন থেকে তাঁকে এ বিষয়ে কথা বলতে নিরুৎসাহিত করেন কয়েকজন। তখন আহমেদ কামাল বলেন, ‘আমি যা বলেছি লিখিতভাবে বলেছি। সেটাই আমার বক্তব্য।’
অবশ্য এর আগে আলোচনা সভায় আহমেদ কামাল যে লিখিত বক্তব্য পড়েন, তাতে নতুন দল গঠনের কথা নেই। বরং বক্তব্যের শেষ কথা ছিল, ‘আমি কোনো ক্ষমতার লোভে রাজনীতি করতে চাই না। দেশের এই দুর্দিনে বিএনপির পাশে থেকে দেশের মানুষের সেবা করতে চাই।’
লিখিত বক্তব্যে জিয়ার ছোট ভাই বলেন, ‘বিএনপির বর্তমান নাজুক অবস্থা দেখে কিছু কথা না বলে পারছি না। মাঝে মাঝে দুঃখ হয়, যখন দেখি আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাণ্ডের এখন মিল নেই।’
আহমেদ কামাল বক্তব্য শেষ করার পরপর আয়োজক সংগঠনের সদস্যসচিব এস ইসলাম স্লোগান দেন, ‘প্রেসিডেন্ট জিয়া, জিন্দাবাদ’, ‘জিয়ার আদর্শে কামাল ভাই, এগিয়ে চলো; আমরা আছি তোমার সাথে।’
বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বলেন, ‘ভোট হওয়াই গণতন্ত্র না। যদি ভোটের অধিকার পানও, তাহলে শেখ হাসিনা ও খালেদা জিয়া—এ দুই পরিবারকেই ভোট দিতে হবে। জনগণের মালিকানা এখানে নেই। তা-ই দুই পরিবারের শিশু-কিশোরেরাও বেঁচে থাকলেই নেতা। এটা গণতন্ত্র না।’
সভায় আরও বক্তব্য দেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে আরা আহসান, দৈনিক দিনকাল-এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কাজী সিরাজ, ন্যাশনাল কংগ্রেস সভাপতি শেখ শহীদুজ্জামান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান প্রমুখ।