'পকেট কমিটি'র প্রতিবাদে পাল্টা 'পকেট কমিটি'!
‘ফরিদপুরে বিএনপির কমিটির নামে কাউকে পকেট কমিটি করতে দেওয়া হবে না’— এমন হুঁশিয়ারি দিয়ে নিজেই পকেট কমিটি করছেন বলে অভিযোগ উঠেছে দলের কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিরুদ্ধে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী দল (বিএনপি) কোতোয়ালি থানা শাখার বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় সহসভাপতি কামাল ইবনে ইউসুফ বলেন, ‘ফরিদপুরের বিভিন্ন উপজেলায় বিএনপির কমিটি গঠনের নামে ‘পকেট কমিটি’ গঠিত হচ্ছে। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
‘দলের জন্য যাঁরা নিবেদিতপ্রাণ, তাদের নিয়েই কমিটি গঠন করতে হবে’— এমন দাবি জানিয়ে কামাল ইউসুফ বলেন, ‘কমিটিতে থাকলাম আর মন্ত্রীর বাড়িতে গিয়ে সালাম দিলাম, তাতে তো আর বিএনপি করা হলো না।’
ফরিদপুরকে আওয়ামী লীগের বেল্ট হিসেবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এ জেলা থেকে বিএনপির সাংসদ হওয়া খুব কঠিন। তার পরও গত ৩০ বছর জেলা সদর আসনটি (ফরিদপুর-৩) বিএনপির দখলে ছিল। কিন্তু ২০০৯ সালের নির্বাচনে দলের একাংশের ষড়যন্ত্রের কারণে আমি পরাজিত হয়েছি। এ পরাজয়ে ক্ষতি হয়েছে স্থানীয় বিএনপির। কেননা ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও আমি স্থানীয় সাংসদ থাকায় দলীয় নেতা কর্মীরা মামলা-হামলা-হয়রানির শিকার হয়নি। কিন্তু বর্তমানে দেশে গণতন্ত্র নেই। নেতা কর্মীদের ওপর অবাধে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে।’
মন্ত্রী জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলায় পকেট কমিটি করা হচ্ছে। তাঁরা যদি আশা করেন ভবিষ্যতে ঢাকা থেকে কমিটি পাশ করিয়ে নিয়ে আসবেন, সে আশা পূরণ হবে না। কেননা, এবার তা আমরা হতে দেব না, দেব না, দেব না। জেলা, থানা, শহর বা ইউনিয়ন যে পর্যায়ের কমিটিই হোক না কেন এবার কাউকে পকেট কমিটি করতে দেওয়া হবে না।’
এর আগে কামাল ইবনে ইউসুফ নিজেই তাঁর বাড়িতে বর্ধিত সভার নামে কোতোয়ালি ও পৌর বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন কোতোয়ালি ও পৌর বিএনপির একাংশ। সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে বিএনপির কোতোয়ালি শাখার নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ সরদার ও পৌর শাখার সহসভাপতি জসিম উদ্দিন মৃধা স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতভাবে নিজ বাড়িতে কোতোয়ালি বিএনপির বর্ধিত সভার নামে পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফ তাঁর পকেটের লোকজন নিয়ে কোতোয়ালি বিএনপির কমিটি গঠনের কাজ শুরু করেছেন।’
‘দলকে দুর্বল করে রাখা কামাল ইউসুফের উদ্দেশ্য’ দাবি করে ওই লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা জেলা বিএনপির নেতাদের এ বিষয়টি অবগত করলে, তাঁরা বিষয়টির গুরুত্ব না দেওয়ায় দলের অস্তিত্ব বাঁচানোর স্বার্থে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, যাতে বিষয়টি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নজরে আসে এবং তিনি এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’