'পকেট ভারী করতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি'

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গরিব-দুঃখী মানুষের পকেট কেটে কিছু লোকের পকেট ভারী করতে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।
আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এ মন্তব্য করেন। বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বিএনপি নেতা রিজভী সংগঠনটির চেয়ারম্যান।
রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি করছেন গরিব-দুঃখী মানুষের পকেট কেটে আপনার আত্মীয়স্বজনের পকেট ভারী করার জন্য। ব্যাংক, শেয়ারবাজার শেষ। এখন মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চান।’
রিজভী বলেন, দেশ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নৈরাজ্য সৃষ্টি করলে জনগণও দেশে নৈরাজ্য সৃষ্টি করবে।
দেশে যত গুমের ঘটনা ঘটছে, তা প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটেছে দাবি করে রিজভী বলেন, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা সংসদে বলেছেন, গুম হয়ে আবার ফিরেও আসে। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেই গুম করা হয়। তাঁর নির্দেশে গুম হয়। স্বার্থের হিসাব মিললে ফিরে আসার সুযোগ দেয়, আর হিসাব না মিললে চিরতরে গুম হয়ে যেতে হয়। তিনি বলেন, ‘যেমন ইলিয়াস আলী গুম হয়েছেন। আমরা প্রতিশোধে বিশ্বাসী না। আইনের অধীনে এসবের বিচার হবে।’