'পলাতক তরিকুল'কে নিয়ে আলোচনা সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বিএনপির নেতাদের দেখা পাওয়াটাই কঠিন। নেতৃস্থানীয় বেশির ভাগ নেতা এলাকায় নেই। অনেকে আছেন কারাগারে। অল্প যে কয়েকজন নেতা এলাকায় আছেন, তাঁরা থাকেন অতি গোপনে। শহরে চলাফেরা খুব একটা করেন না। এমনকি সব সময় নিজের বাড়িতেও থাকেন না।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দেখা পাওয়া গেল না। সাধারণ সম্পাদকের সঙ্গে কেবল ফোনে কথা হলো। কোথায় আছেন তা-ও বললেন না। সরাসরি দেখা করতেও চাইলেন না। অনেক চেষ্টার পর দলটির মধ্যম সারির চারজন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সাক্ষাৎ পাওয়া গেল। তাঁরা পেশায় যশোরের বড় ব্যবসায়ীদের তালিকায় আছেন। প্রথমেই দুজন শর্ত দিলেন তাঁদের বক্তব্য ছাপা যাবে না। ছাপা হলে পুলিশ ধরে ফেলতে পারে। এই চারজনের নামেই অভয়নগর, মনিরামপুর ও কোতোয়ালি থানায় সহিংসতা, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলা আছে। তাঁদের ধরছে না কেন জানতে চাইলে যুবদলের জেলা কমিটির এক নেতা বললেন, ‘ম্যানেজ করে চলতে হয় আরকি। আমরা তো ব্যবসা নিয়ে থাকি। এটা পুলিশ জানে।’
যশোর শহরে একটি মিষ্টির দোকানে চার নেতার সঙ্গে এক ঘণ্টার মতো আলাপ হয়। বিএনপির কী অবস্থা জানতে চাইলে ছাত্রদলের সাবেক নেতা (এখন বিএনপিতে আছেন) আফসারউদ্দিন আহমেদ বললেন, ‘তরিকুল ভাই পালিয়ে আছেন। এখন বোঝেন কী অবস্থা। যেখানে তরিকুল ভাইয়ের প্রকাশ্যে রাজনীতি করার উপায় নেই, সেখানে অন্য নেতাদের আর কী করার আছে? সবাই গর্তে লুকিয়ে আছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম দলের নীতিনির্ধারক ও প্রভাবশালী নেতাদের একজন। তিনি একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে খুলনা বিভাগে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা। খুলনা বিভাগের বিএনপির রাজনীতি কেমন হবে, নেতা নির্বাচন থেকে শুরু করে সবই চলে অনেকটা তরিকুল ইসলামের নির্দেশনায়।
বিএনপির স্থানীয় নেতারা বললেন, রাজনীতিতে পালিয়ে থাকা স্বাভাবিক। কিন্তু তরিকুল ইসলামকে তাঁরা কখনো পালিয়ে থাকতে দেখেননি। ১৯৯৯ সালে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মামলায় তাঁকে আসামি করা হলেও তিনি পালাননি। ওই সময় আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেপ্তার হন, পালাননি। কিন্তু এবার তাঁকে পালাতে হয়েছে। যাঁর কারণে কর্মীরা আরও বেশি আতঙ্কে আছেন। কেউ আর প্রকাশ্যে নেই।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধ ডাকার পরদিন ৭ জানুয়ারি যশোরে একটি গাড়ি পোড়ানো হয়। ওই ঘটনায় তরিকুল ইসলামকে প্রধান আসামি করে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ৮ জানুয়ারি থেকে যশোরে আর প্রকাশ্যে তরিকুল ইসলামকে দেখা যায়নি। তবে তিনি টেলিফোনে নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। কিছুদিন যশোরেও ছিলেন বলে কোনো কোনো নেতা প্রথম আলোকে জানিয়েছেন। এখন আর তিনি যশোরে নেই। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, তরিকুল ইসলাম নিজে যোগাযোগ না করলে তাঁদের সঙ্গে কথা হয় না। পুলিশ ফোনে আড়ি পাতার কারণে এই সতর্কতা নেওয়া হয়েছে।
অবরোধ-হরতালের ৭৬ দিনে যশোরে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে ৩২টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১ হাজার ২৬৭ জনকে। তাঁদের মধ্যে কারাগারে আছেন ২৩৪ জন। বিএনপির কিছু নেতাকে পাওয়া গেলেও জামায়াতের কোনো নেতাকে ফোনে পর্যন্ত পাওয়া যায় না।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন চালাচ্ছে। পুলিশ বাহিনী সরকারের সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করছে। এ অবস্থায় রাজনীতিকদের নানা কৌশল নিতে হচ্ছে। পুলিশের হাতে ধরা না দেওয়াটাও রাজনীতির কৌশলের মধ্যেই পড়ে।
তরিকুল ইসলামের পালিয়ে থাকা নিয়ে যশোরে আলোচনা-সমালোচনা আছে। প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে তরিকুলবিরোধী বিএনপির নেতাদের মতে, যশোরে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা আলী রেজা রাজু ও খালেদুর রহমান টিটো তরিকুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা ‘তিন বন্ধু’ নামেই পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দুই নেতা সব সময় তরিকুল ইসলামকে নানাভাবে সহায়তা করেছেন। কিন্তু এখন জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে ওই দুজনের প্রভাব নেই। জেলা আওয়ামী লীগের কমিটি থেকে তাঁরা বাদ পড়েছেন। সর্বশেষ সংসদ নির্বাচনে তাঁরা মনোনয়ন পাননি। আওয়ামী লীগের রাজনীতিতে এখন ক্ষমতাবানদের মধ্যে দলটির জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অন্যতম। তাঁর সঙ্গে তরিকুলের সম্পর্ক ভালো নয়।
যশোর বিএনপির রাজনীতিতে তরিকুল তাঁর ছেলেকে সামনে আনার চেষ্টা করায় এবং উপজেলা নির্বাচনে সদরে ‘অযোগ্য’ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অভিযোগে জেলা বিএনপির একটি অংশ তরিকুলের ওপর ক্ষুব্ধ। যদিও এই অংশটি এখন পর্যন্ত প্রকাশ্যে তরিকুলবিরোধী কোনো তৎপরতা দেখায়নি।
যুবদলের স্থানীয় নেতা জাহিদ হাসান বললেন, ‘নেতা পাশে থাকলে গায়ে জোর পাওয়া যায়। এখন নেতা পাশে নেই। আমাদের করণীয় কী, তা-ও জানি না। জেলায় বিএনপির রাজনীতি বলে তেমন কিছু নেই।’