চট্টগ্রামে আ.লীগের সমাবেশে বক্তারা
'পাকিস্তানি ধ্যানধারণা থেকে বিতর্ক সৃষ্টি করছেন খালেদা জিয়া'

পাকিস্তানি ধ্যানধারণা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী জামায়াত-শিবিরের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে জঙ্গি ঘাঁটি করেছে একটি সংগঠন। এদের প্রতিরোধ করতে হবে। জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণ আমাদের ভোট দিয়েছেন। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব।’
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পাকিস্তানি ধ্যানধারণা থেকে খালেদা জিয়া ৩০ লাখ শহীদ নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন। ক্ষমতায় থাকার সময়ও তারা উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী করেছে। তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাসাবাড়িতে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করছে।’
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম ও নঈম উদ্দিন; যুগ্ম সম্পাদক বদিউল আলম; আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী; ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সমাবেশে বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর খালেদা জিয়া এখনো জঙ্গিদের মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জনগণ এই ষড়যন্ত্রের জবাব দেবে।
বেলা তিনটায় সমাবেশ শুরু হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহ নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হন। সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ।