জহুর আহমদ চৌধুরীর মতো নেতারা জনমানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করতেন। মানুষের জন্য তাঁরা ঝুঁকি নিতেন। আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়তেন। আর এখন পাজেরো গাড়িতে করে রাজনীতি হয়। বিগত দিনের রাজনীতির সঙ্গে আজকের রাজনীতির তুলনা করার সময় এসেছে।
প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর স্মরণসভায় এসব কথা বলেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
জহুর আহমদ চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন হয়। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা হয়।
সভায় চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ত্যাগের আদর্শ নিয়ে সক্রিয়ভাবে যারা দলের দায়িত্ব পালন করবে না, তাদের পদে ছেড়ে দিতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন করে দল সাজানো হবে। যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তাদের দল থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা রাজনীতি করি নিজেদের আধিপত্যকে নিরঙ্কুশ করতে। আমরা যা বক্তব্য দিই তা মনে ধারণ করি না। আখের গোছানোর চিন্তা করি।’ তিনি বলেন, জনমানুষের জন্য রাজনীতি করতেন জহুর আহমদ চৌধুরীর মতো নেতারা। ত্যাগের মহিমা নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতেন তাঁরা। সেই নীতি আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে রাজনীতি করতে হবে।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া, নগর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম দোভাষ, যুগ্ম সম্পাদক বদিউল আলম, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সভায় পুরোগামী জননেতা জহুর আহমদ চৌধুরী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।
জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ছিলেন। তিনি চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন।