'পাড়া-মহল্লার কমিটিও এত বড় হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পূর্ণাঙ্গ কমিটির আকার নিয়ে সমালোচনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বলেন, পাড়া-মহল্লার ক্লাবের কমিটিও এত বড় হয় না, বিএনপি প্রায় ছয় শ সদস্যের যে কমিটি দিয়েছে। তাদের কমিটির পরিধি এতই বড় যে তারা কখনোই একসঙ্গে বসে মিটিং করতে পারবে না কারণ দলীয় কার্যালয় এমনকি প্রেসক্লাবেও এ কমিটির জায়গা হবে না।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিএনপির মধ্যে যে অন্তঃকোন্দল চলছে, তা দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা। তিনি দাবি করেছেন, শুধু যে কেন্দ্রীয় কমিটির অনেকেই বিএনপি ছেড়ে যাচ্ছেন তা নয়, জেলা-উপজেলা কমিটির অনেকেই কমিটি থেকে পদত্যাগ করছেন। এর মধ্য দিয়ে দলটির ভাঙন শুরু হয়েছে।

সাবেক এই মন্ত্রী বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘সার্কাস পার্টির’ সঙ্গে তুলনা করেন।