প্রধানমন্ত্রীকে 'ইতিহাস থেকে শিক্ষা' নিতে বললেন সালাহ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘নির্মম পরিণতির’ কারণ বিশ্লেষণ করতে পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আজ বুধবার এক বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিন, পিতার নির্মম পরিণতির কারণ বিশ্লেষণ করুন, গণহত্যা বন্ধ করুন। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দ্রুত পদত্যাগ করুন। তবেই জনগণ আপনার নিরাপদ অবতরণের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে।’
বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই—আপনার পিতা রক্ষীবাহিনী সৃষ্টি করে ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, অসংখ্য বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করে হত্যার রাজনীতি প্রচলন করেছিলেন। আওয়ামী লীগ বিলুপ্ত করে একদলীয় বাকশাল কায়েম করে স্বঘোষিত সম্রাট বনে গিয়েও শেষ রক্ষা হয়নি। আপনিও চলমান গণ-আন্দোলনকে দমন করার জন্য আপনার পেটোয়া পুলিশ-র‌্যাব ও বিজিবিকে দলীয় বাহিনীতে পরিণত করে নরহত্যার নির্দেশ প্রদান করে গণতন্ত্রের শবযাত্রার আয়োজন সম্পন্ন করেছেন।’
বিবৃতিতে দাবি করা হয়, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম বলে চালিয়ে দেওয়ার প্রচারযুদ্ধ শুরু করেছে সরকার। পেট্রল বোমাবাজির সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরাই জড়িত।