‘দেশে অলিখিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যে শাসনের মূল মালিক হচ্ছে পুলিশ প্রশাসন। সরকার সম্পূর্ণরূপে পুলিশের ওপর নির্ভরশীল। পুলিশ না থাকলে এ সরকার দুদিনও টিকবে না।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসব কথা বলেন।
অলি আহমদ আরও বলেন, ২০১৩ সালের নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। তাই জনগণের নির্বাচিত প্রতিনিধিও নেই। পরবর্তী পর্যায়ে পৌরসভা, ইউনিয়ন ও সিটি করপোরেশন নির্বাচনেও জনগণের অংশগ্রহণ ছিল না। এক কথায় বলতে গেলে কোনো নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই। জনগণের অংশগ্রহণ যেহেতু নির্বাচনে নেই, তাই জনগণের প্রতিনিধিও নেই।
চন্দনাইশ পৌর সদরের আমানত ছফা বদরুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি কপিল উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আলম তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য এ জি এম শাহজাহান, উত্তর জেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, পৌরসভার আহ্বায়ক এম আইনুল কবির।
কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।