'পেটোয়া বাহিনী গড়েছেন প্রক্টর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপকর্মের বিষয়ে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে এবং সাংবাদিকদের হত্যার হুমকি, মারধর ও তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অপর অংশের নেতা-কর্মীরা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক বায়েজিদ আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে দ্বিধাবিভক্ত করতে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জালাল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন নেতাকে নিয়ে পেটোয়া বাহিনী গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ। এ পেটোয়া বাহিনীই ক্যাম্পাসে সব অপকর্মের সঙ্গে জড়িত।’
এদিকে ছাত্রলীগের একাংশের অভিযোগের ব্যাপারে সাব্বির আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর শাহজালাল ছাত্রাবাসে ঘৃণিত কর্মকাণ্ডের ঘটনায় জড়িতরা নিজেদের মামলা থেকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের ত্যাগী নেতাদের নামে এ অপপ্রচার চালাচ্ছেন।’
অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৫ জন ছাত্রের অভিযোগ সম্পর্কে আমার কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। তাঁদের অভিযোগ থাকলে তাঁরা সেটা আমাকে অবহিত করতে পারেন।’