'পেট্রল দিয়ে শিশু হত্যা করে তাদের সঙ্গে ইফতার করা ভণ্ডামি'

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘তিনি পেট্রল বোমা মেরে নারী ও শিশু হত্যা করেন আবার এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন। তাঁর এ ধরনের আচরণ ভণ্ডামির শামিল।’
আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমীতে খুদে লেখকদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শিশু একাডেমী আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমদের জন্য জিয়া অরফানেজ ট্রাস্টের নাম করে টাকা আত্মসাৎ করেছেন। কাজটি অত্যন্ত ঘৃণিত ও লজ্জার। তিনি বোমা মেরে শিশুদের বই বহনকারী গাড়ি পুড়িয়েছেন। বাংলাদেশের মানুষ তাঁর মুখে আর গণতন্ত্রের কথা শুনতে চায় না। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।
প্রতিমন্ত্রী শিশুদের অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।