'পৌর নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাই করুন'
আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে ও অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিযুক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে গৃহায়ণমন্ত্রী বলেন, ‘পৌর নির্বাচনের মাঝপথ থেকে পালিয়ে যাবেন না। মাঠে থেকে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। পৌর নির্বাচনে ৮০ থেকে ৯০ ভাগ জনসমর্থন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হবেন।’
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনাম সেলিম চৌধুরী। বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, মিয়া মোহাম্মদ শাহ্জাহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ্ খান প্রমুখ।