'প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রাষ্ট্রপতির সইয়ের পরপরই। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
আজ শনিবার বেলা একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। তবে কবে, কোন প্রক্রিয়ায় লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করেননি সচিব। তিনি বলেন, ‘প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করুন। প্রজ্ঞাপন জারি হবে।’
লতিফ সিদ্দিকী নিজ থেকে পদত্যাগ করেছেন, নাকি তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে?—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রজ্ঞাপন জারির সময়ই বিষয়টি বলা থাকবে।’ তিনি বলেন, ‘এ বিষয়ে কী সিদ্ধান্ত—এটা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। এখানে শুধু প্রজ্ঞাপনের বিষয়ই বাকি থাকে।’
৩ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ঘোষণার কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বন্ধের দিনও আজ মন্ত্রিপরিষদ বিভাগ খোলা রাখা হয়েছে। মূলত লতিফ সিদ্দিকীর বিষয়টি নিয়ে কাজ করতে খোলা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্ধের দিন অফিস খোলা রাখা নতুন কিছু নয়। এর আগেও তিনি বিদেশ থেকে আসার পর জমে থাকা কাজ করার জন্য অফিস খোলা রেখেছেন।