'প্রতিহিংসাপরায়ণ আচরণের' নিন্দা খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছ​বি
খালেদা জিয়া । ফাইল ছ​বি

‘বিএনপির প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা ভোটবিহীন নির্বাচনে গঠিত সরকার নিজেদের ক্ষমতাকে সংহত করতে গিয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে ইতিমধ্যে তছনছ করে ফেলেছে। তাদের দুঃশাসনের কবলে জাতি আজ পিষ্ট।’
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন লাভের পরও, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়স্ক প্রবীণ নেতা এম কে আনোয়ার যখন কুমিল্লার একটি স্থানীয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন—তখন তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। দেশের একজন সম্মানিত প্রবীণ নেতার প্রতি সরকারের এই আচরণ চরম অমানবিক, অসহিষ্ণুতার প্রমাণ ও ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।’
একই বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন তাঁর উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার যখন জাতীয় প্রেসক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের যজ্ঞে লিপ্ত-এর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজকে স্তব্ধ করার জন্যই সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন।’ 

খালেদা জিয়া বলেন, ‘দেশে যে চরম রাজনৈতিক সংকট বিরাজ করছে-সেখান থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে একটি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার আমাদের পুনঃ পুনঃ উত্থাপিত দাবির প্রতি কর্ণপাত না করায় জাতি ক্ষুব্ধ। জনগণের আকাঙ্ক্ষার কথা সরকার পড়তে ব্যর্থ হচ্ছে।’
অবিলম্বে আটক সকল নেতার মুক্তি দাবি এবং ‘মিথ্যা সাজানো মামলায়’ কোনো নেতা কর্মীকে হয়রানি না করারও জোর দাবি জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।’