'প্রশাসনিক কমিটি' হয়রানি করছে বিরোধীদের: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধে সরকার শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে ‘প্রশাসনিক কমিটি’ করার অভিযোগ করে বিএনপি বলেছে, কমিটিতে অন্তর্ভুক্ত সরকারি দলের নেতা-কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধীদের হয়রানি করছেন।

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। এ সময় তিনি সাতক্ষীরায় আওয়ামী লীগদলীয় সাংসদের ছেলের নারী কেলেঙ্কারির ঘটনারও উল্লেখ করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ করছি যে জঙ্গিবিরোধী অভিযানের পরিচালনার নামে সরকার শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করে প্রশাসনিক কমিটি গঠন করেছে। অথচ জন-আকাঙ্ক্ষা ছিল দলমত-নির্বিশেষ জাতীয় ঐক্য সৃষ্টি করে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ মোকাবিলা করা।’ তিনি আরও বলেন, এসব প্রশাসনিক কমিটি মিথ্যা-কাল্পনিক অভিযোগে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে।

বিএনপির এই নেতা বলেন, তাঁদের নেতা-কর্মীদের তালিকা করে গ্রেপ্তার, হয়রানির মাধ্যমে সরকার প্রকারান্তরে প্রকৃত অপরাধীদের আড়াল ও উৎসাহিত করছে। ঠাকুরগাঁও, সাতক্ষীরা, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ‘অসংখ্য’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

বিএনপিকে বাদ দিয়ে প্রশাসনিক কমিটি গঠনের বিষয়ে প্রশ্ন করলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি, সরকার আসলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে চায় না। তারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করতে চায়।’ তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান এবং খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের কথা তুলে ধরে বলেন, এখন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে যদি বলা হয় জাতীয় ঐক্য হয়ে গেছে, তাহলে এটা ভুল।

নজরুল ইসলাম খান বলেন, অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী কানাডায় বলেছেন, নারী নির্যাতনে জিরো টলারেন্সে তাঁর সরকার। অথচ একই দিন পত্রিকায় এসেছে সাতক্ষীরায় এমপিপুত্রের নারী কেলেঙ্কারির ঘটনা। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন আজ দেশের নিত্যদিনকার ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই নারী ধর্ষণের সংবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে।

ঈদের সময় যানবাহন-সংকট, ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, কোরবানির পশুর চামড়া নিয়ে সরকারি দলের সিন্ডিকেটের ঘটনায় সরকারের ‘নীরব’ ভূমিকার সমালোচনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, খায়রুল কবির, সৈয়দ এমরান সালেহ, আবদুস সালাম আজাদ প্রমুখ।