'পড়াশোনা করা প্রথম কাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার কথা বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, এটিই তাদের প্রথম কাজ।
দেশের রাজনৈতিক সংকট এবং সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রলীগকে সিপাহসালার ভূমিকায় দেখতে চান চট্টগ্রামের সাবেক এই মেয়র। তিনি বলেন, অতীতে দেশের সংকটময় মুহূর্তে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের বুক পেতে দিয়েছিল। ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে মহানগর ছাত্রলীগের আলোচনা সভায় এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘তোমাদের প্রথম কাজ মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। ভালো ফলাফল করে সমাজে নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলা। আগামী দিনে নেতৃত্বের শূন্যতা তোমাদের দিয়ে পূরণ করতে হবে। একইভাবে দেশের ক্রান্তিলগ্নে তোমাদের এগিয়ে আসতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, ছাত্র রাজনীতিকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে। এটা রুখতে হবে। যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত ছাত্রদের হাতে পেট্রলবোমা তুলে দেয়। আর আওয়ামী লীগ সরকার ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঞ্চালনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সভায় বক্তৃতা করেন।