'ফাঁসানোর ছক আগে থেকেই তৈরি ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা

সরকার ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই নুরুল আজিম ওরফে রনিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার এবং সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগর ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। একই সঙ্গে তাঁর মুক্তির দাবি করা হয়। নুরুল আজিম চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোট গ্রহণের সময় কেন্দ্রের বাইরে ছিলেন নুরুল আজিম। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোটকেন্দ্রে কোনো ধরনের গোলযোগ, প্রভাব বিস্তার, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো অভিযোগ করেননি। নুরুল আজিমকে ফাঁসানোর ছক আগে থেকেই তৈরি করা হয়েছিল।
চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে একজন ম্যাজিস্ট্রেট এবং হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন ছাত্রলীগের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। নুরুল আজিমের মুক্তির জন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ক্ষমতার অপব্যবহার করে নুরুল আজিমকে দুই বছর সাজা দিয়েছেন। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কারসাজিতে ভুয়া জব্দ তালিকা দেখিয়ে অস্ত্র আইনে মামলা করা হয়।
ইমরান আহমেদ বলেন, ‘আজিমকে সাজা দেওয়া হয়েছে একজন উপপরিদর্শকের মৌখিক অভিযোগের ভিত্তিতে, যা রায়ে উল্লেখ করা হয়। অথচ আজিমকে গ্রেপ্তার করে বিজিবি। কিন্তু মামলায় বিজিবির দায়িত্বরত কোনো কর্মকর্তা কিংবা বিচারিক হাকিমকে সাক্ষী করা হয়নি। এতেই বোঝা যায়, এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’
চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজকে জামায়াত-শিবিরমুক্ত করার ক্ষেত্রে নুরুল আজিম ভূমিকা রাখেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এ কারণে জামায়াত-শিবির এবং আওয়ামী পরিবারের বিরোধী একটি অপশক্তির মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন তিনি। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাঁকে গ্রেপ্তার এবং সাজা প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াতের এজেন্টদের অপসারণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাঙামাটি ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার, বান্দরবান ছাত্রলীগের সভাপতি মো. কাউসার, নগর ছাত্রলীগের সহসভাপতি জয়নাল উদ্দিন, তালেব আলী ও আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সুজন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের অভিযোগের বিষয়ে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেট তাঁকে (আজিম) ধরে এনেছেন অস্ত্রসহ। এখন আমি কীভাবে তাঁকে ছেড়ে দেব? আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছি। আমি কীভাবে শিবির হলাম?’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি, ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ দুই বছরের কারাদণ্ড দেন তাঁকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়।