'ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না'
বাস মালিকদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঈদের আগে রাস্তায় কেউ ফিটনেসবিহীন গাড়ি নামাবেন না। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় লক্কড়-ঝক্করভাবে চলাচল করে আর যত্রতত্র ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করে। দেশের মহাসড়কগুলোর অবস্থা এখন ভালো হয়ে গেছে। জেলার রাস্তাগুলোও ভালো হয়ে যাবে।’
আজ সোমবার বেলা পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য মহাসড়ক, জেলা সড়কের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মহাসড়কগুলো মেরামত শেষ হয়েছে আর জেলা পর্যায়ের রাস্তাগুলো রাতের মধ্যে মেরামতের কাজ শেষ হয়ে যাবে। মহাসড়কের কারণে কোথাও কোনো যানজটের সৃষ্টি হবে না এখন। তবে মাঝে মধ্যে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তার কারণ, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় ও ব্রিজের ওপর গিয়ে বিকল হয়ে যাচ্ছে। আর সরু রাস্তা এবং ব্রিজের ওপরে গাড়ি বিকল হলে সেই গাড়ি সরাতেও অনেক সমস্যা হচ্ছে। এ জন্য পরিবহন মালিকদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে পশু পরিবহন এবং অন্য কাজ না করার জন্য অনুরোধ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রাস্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট যেন না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ, হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো সড়কে যেন কোনো পশুর হাট না বসে, সে জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে, এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তবে এখন আমাদের ভাবনা শুধু সড়ক কীভাবে যানজটমুক্ত রাখা যায়।’
এ সময় স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন।
অসুস্থ মন্ত্রী ছায়েদুল হক ও শিল্পী আবদুল জব্বারের শয্যাপাশে কাদের
চিকিৎসাধীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দেখতে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি তাঁর সহকর্মীর চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী আবদুল জব্বারকে দেখতে যান। কিছু সময় শিল্পীর শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর রোগমুক্তি কামনা করেন।