'ফেসবুকে রাজনীতি করে নেতা হওয়া যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গতকালের স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পাশে দলের অন্য নেতারা l প্রথম আলো
মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গতকালের স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পাশে দলের অন্য নেতারা l প্রথম আলো

ফেসবুকের রাজনীতি নয়, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সেতুবন্ধন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সাবেক গণপরিষদ সদস্য ও সাংসদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়ার স্মরণসভায় মন্ত্রী এই মন্তব্য করেন।

গতকাল নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুর রহমান, ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ রিজওয়ান প্রমুখ বক্তৃতা করেন।

চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ গতকাল যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ফেসবুকে রাজনীতি করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে যেতে হয়। তাঁদের পাশে দাঁড়াতে হয়। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে পারলে কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না।

ইসহাক মিয়া সম্পর্কে স্মৃতিচারণ করে মোশাররফ হোসেন বলেন, ইসহাক মিয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এক পথেই ছিলেন। তিনি কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। সারা জীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। স্মৃতিচারণের একপর্যায়ে মন্ত্রী মোশাররফ হোসেনকে চোখের জল মুছতে দেখা যায়।

এ বি এম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্মরণসভায় বলেন, কোথাও কোথাও বিবাদ সৃষ্টি হয়েছে। এই বিবাদ ভালো নয়।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ইসহাক মিয়া পদ-পদবীর জন্য রাজনীতি করেননি। অথচ এখন অনেকে আছেন, যাঁরা পদ আঁকড়ে রেখেছেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, ইসহাক মিয়াদের মতো নেতা-কর্মীরা থাকলে আওয়ামী লীগের ভয় নেই। তাঁর মতো নেতারা আছেন বলে আওয়ামী লীগ উপমহাদেশের মধ্যে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।