'বঙ্গবন্ধু আর বাংলাদেশ আমার কাছে প্রতিশব্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ আমার কাছে প্রতিশব্দ। বাংলাদেশের চিন্তা আমরা কখনো করতে পারি না বঙ্গবন্ধুর চিন্তা ছাড়া। ঠিক তেমনি বঙ্গবন্ধুর চিন্তা যখন আমরা করি, তখন বাংলাদেশের কথা মনে পড়ে। এ দুটি শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ক্ষমতার সীমিত সময়ে দেশের বড় উন্নয়ন করেছেন বঙ্গবন্ধু।’

আজ মঙ্গলবার সিলেটে আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সিলেটের আইনজীবী সমিতি শত বছরের পুরোনো একটি সমিতি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘স্কুলজীবনে প্রায়ই আইনজীবী সমিতির বার্ষিক সভার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগ দিতাম। সে সময়ে শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে অন্য রকম একটা উচ্ছ্বাস ছিল। মানসিক সুস্থতা ও রুচির বিকাশে এ সবের দরকার।’

আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. জোবায়ের বখত জুবেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও গণপূর্ত অধিদপ্তর সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম।

২০১১ সালের ১৮ মে সরকারি অর্থায়নে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে পাঁচতলাবিশিষ্ট এই ভবন তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীবসহ জ্যেষ্ঠ আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনসহ ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। অন্য প্রকল্পগুলো হচ্ছে সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দীপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনে নির্মিত চারটি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১-এর ভবন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চবিদ্যালয়, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।