'বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন পরিপূর্ণতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন, আর শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে সমুদ্র বিজয় ও ছিটমহল বিনিময় চুক্তি করে দেশের পরিপূর্ণতা এনে দিয়েছেন। এ কারণে ২০২১ নয়, ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।’

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ, মংলা বন্দরের উন্নয়ন ও পায়রা বন্দর স্থাপনের কাজ যখন শেষ হবে, তখন এই দক্ষিণাঞ্চল হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জোন।’
আমির হোসেন আমু বলেন, ‘বিদেশি সংস্কৃতিকে পরিহার করে দেশীয় কৃষ্টি, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে। এ ব্যাপারে নতুন প্রজন্মকে সর্বদা সতর্ক হতে হবে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) এএনএম মঈনুল ইসলাম।
পরে মন্ত্রী সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোপালগঞ্জের পাঁচ সংস্কৃতিসেবীর হাতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক, ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন, সংগীতশিল্পী বিপুল কুমার দাস, যাত্রাশিল্পী শুকলাল ভক্ত, নাট্যকার সনোজ কুন্ডু, বাদ্যযন্ত্রী তপন কুমার সরকার ও আবৃত্তিকার মোস্তাফিজুর রহমান।