'বঙ্গবন্ধুকে নিয়ে তারেকের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ'
বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যে শিশু হামাগুড়ি দিতে শেখেনি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যার ন্যূনতম পড়াশোনা বা জ্ঞান নেই, তার মুখে বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলা ধৃষ্টতার শামিল।’
বিবৃতিতে তারেক রহমানকে হাওয়া ভবনের স্রষ্টা, দুর্নীতির চ্যাম্পিয়ন ও মিথ্যাচারী আখ্যা দিয়ে বলা হয়, তারেক রহমান তাঁর পূর্ব অপকর্ম আড়াল করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিবিদদের সম্পর্কে মিথ্যাচার ও ইতিহাস বিকৃত করে নিজেকে দৃশ্যমান রাখার জন্য মাঝেমধ্যে এ ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। এটা তাঁর বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে দাবি করা হয়।