'বহিষ্কারের এখতিয়ার নেই আওয়ামী লীগের'

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশন থেকে চাওয়া বক্তব্যের জবাব দিয়েছেন লতিফ সিদ্দিকী। আজ রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশন বরাবর দেওয়া এক চিঠিতে লতিফ সিদ্দিকী লিখেছেন, তাঁকে বহিষ্কারের এখতিয়ার আওয়ামী লীগের নেই। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে শুনানি বিতর্কে না গিয়ে বিষয়টি স্পিকারের কাছে পাঠানোরও অনুরোধ করেছেন তিনি।
সাংসদের ব্যক্তিগত সহকারী মো. রুবেল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত এ চিঠিটি জমা দেন। লতিফ সিদ্দিকীর স্বাক্ষর করা চিঠিটি সাংসদের প্যাডে লেখা।
চিঠিতে লতিফ সিদ্দিকী উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সফরকালে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলের অধিবাসীদের সঙ্গে আলাপকালে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার কষ্টকল্পিত, বানোয়াট ও ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে তা আলোচনার স্বার্থে যদি ধরেও নেওয়া হয় যে তিনি ওই বক্তব্য দিয়েছেন তাহলেও তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাঁর সদস্যপদ বাতিল করার কোনো এখতিয়ার আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের নেই।
এই বক্তব্যের ব্যাখ্যা হিসেবে লতিফ সিদ্দিকী লিখেছেন, ‘কেননা আমি বাংলাদেশ সরকারের তথা জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি এবং একজন জনপ্রতিনিধি হিসেবে উক্ত বক্তব্য রেখেছি বলে ধরে নেওয়া হবে। আওয়ামী লীগের একজন সদস্য সেই বক্তব্য দিয়েছি বলে বিবেচনা করার কোনো সুযোগ নেই। অতএব আওয়ামী লীগের সদস্য পদ থেকে আমাকে বহিষ্কার করার সিদ্ধান্তটাই সম্পূর্ণ ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে বিধায় সে সিদ্ধান্তের আলোকে পরবর্তী যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হবে তাও ভুল বলে আইন অনুযায়ী বিবেচনা করা হবে।’
লতিফ সিদ্দিকী তাঁর বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলেছেন, স্পিকারের পাঠানো ও সংবিধানে ৬৬ (৪) দফায় বর্ণিত সারমর্মের সঙ্গে তাঁর বিতর্কটি সংগতিপূর্ণ নয়। ফলে নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে ৬৬ (৪) দফার বিষয়ে যা বলা এবং কার্যক্ষেত্রে ৬৬ (২) ও ৭০ ধারার কোনো ব্যত্যয় না ঘটায় কোনো কিছু করণীয় আছে বলে মনে হয় না।
লতিফ সিদ্দিকী বিষয়টির গভীরতা ও ভবিষ্যতের কথা বিবেচনায় রাখার জন্য কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন চিঠিতে। এ ছাড়া শুনানি-বিতর্কে না জড়িয়ে বিষয়টি স্পিকার বরাবর ফেরত পাঠানোর জন্যও কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।
গত ১৩ জুলাই লতিফ সিদ্দিকীর সাংসদ পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ওই চিঠিতে বলা হয়, ২০১৪ সালের ২৪ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় গঠনতন্ত্র অনুসারে লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। যেহেতু আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও নেই, সেহেতু এই দলের মনোনয়নে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য পদেও তাঁকে বহাল রাখা সমীচীন হবে না। এরপর লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে চিঠি দেন স্পিকার। ওই চিঠির সঙ্গে সৈয়দ আশরাফের চিঠিটিও যুক্ত করেন স্পিকার।
চিঠিটি পাওয়ার পর ইসি আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকীর কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। আজ রোববার ছিল ব্যাখ্যা দেওয়ার শেষ দিন।