'বহুমুখী জাতীয় রাজনৈতিক উদ্যাগ' নেওয়ার আহ্বান ঐক্য ন্যাপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ‘বহুমুখী জাতীয় রাজনৈতিক উদ্যোগ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ঐক্য ন্যাপ। গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রক্ষাকবচ নির্ধারণ যেমন জরুরি, অধিকতর জরুরি হচ্ছে বিরাজমান বিভাজন মুক্তির জন্য মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দল-মতনির্বিশেষে সব মানুষের মতৈক্য সৃষ্টি।
গত জাতীয় নির্বাচন প্রতিরোধে বিএনপি-জামায়াতের ভুল কৌশল ও জনসম্পৃক্ততার অভাব তাদের নাশকতানির্ভর করেছে উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, এই নাশকতা প্রতিরোধে সরকারকে কঠোর প্রশাসনিক পদক্ষেপমুখী হতে হয়েছে। আর সহিংসতা-নাশকতা বনাম কঠোর প্রশাসনিক পদক্ষেপের যোগফল হয়েছে জামায়াত জঙ্গিবাদীদের মহাসুযোগ।
লিখিত বক্তব্যে বলা হয়, নাশকতা দমনে প্রশাসনিক পদক্ষেপ অপরিহার্য। পাশাপাশি সহিংসতার আড়ালে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, তা সমাধানে জাতীয় রাজনৈতিক উদ্যোগ অনিবার্য।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, প্রেসিডিয়াম সদস্য সুকুমার দেব রায়, যুগ্ম সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।