'বান্দরবান জেলা আ.লীগের সাংগঠনিক অবস্থা নাজুক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন দল থেকে বহিষ্কৃত নেতা কাজী মজিবর রহমান। তাঁর দাবি, জেলা কমিটিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ছাড়া জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা নেই। গতকাল বুধবার শহরের ইসলামপুর স্লুইসগেট এলাকায় নিজ কর্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
দল থেকে বহিষ্কারের আগে মজিবর রহমান বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে জেলা আওয়ামী লীগ বহিষ্কার করে। গতকাল যে ভবনে তিনি সংবাদ সম্মেলন করেন, তা বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুবুর রহমান স্মৃতি সংসদের বলে জেলা আওয়ামী লীগের নেতারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে কাজী মজিব দাবি করেন, যে ভবন নিয়ে কথা উঠেছে তা নিজের জমিতে তিনি নির্মাণ করেছেন। মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজ ভবনে ‘মাহবুবুর রহমান স্মৃতি সংসদ’ সাইনবোর্ড স্থাপন করেছিলেন। তিনি বলেন, তাঁকে জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়নি। কিন্তু প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে ঘিরে থাকা সুবিধাভোগী কিছু নেতা-কর্মী তাঁকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছেন না। এ জন্য মাহবুবুর রহমান স্মৃতি সংসদের সাইনবোর্ড নামিয়ে সেখানে নিজের কার্যালয় করেছেন। গত মঙ্গলবার রাতে ওই কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসাইন বলেন, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ‘মাহবুবুর রহমান স্মৃতি সংসদ’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উদ্বোধন করেছিলেন। কিন্তু কাজী মজিব সেটির উদ্বোধনী ফলক ও সাইনবোর্ড অপসারণ করে বন্ধুয়ালয় নামে একটি সংগঠনের সাইনবোর্ড স্থাপন করেছেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা সেই সাইনবোর্ড নামিয়ে দিয়েছেন। কোথাও হামলা করা হয়নি।
সংবাদ সম্মেলনের বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, জেলা আওয়ামী লীগের নয়, বহিষ্কৃত কাজী মজিবের অবস্থাই অত্যন্ত নাজুক। দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তিনি সংবাদ সম্মেলন করে এসব কথা বলছেন।