'বিএনপি আবারও নির্বাচনে না আসার পথ খুঁজছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে আজ রোববার সকালে পায়রা বন্দরের ওয়্যার হাউস ভবনের উদ্বোধন এবং সার্ভিস জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পটুয়াখালী, ২৮ জানুয়ারি, ২০১৮। ছবি: প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে আজ রোববার সকালে পায়রা বন্দরের ওয়্যার হাউস ভবনের উদ্বোধন এবং সার্ভিস জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পটুয়াখালী, ২৮ জানুয়ারি, ২০১৮। ছবি: প্রথম আলো

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি এখন নিজের সঙ্গে আত্মপ্রতারণা করছে। দেশ ও সরকারবিরোধী কিছুই করার ক্ষমতা তাদের নেই। তাদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আগামী নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা থেকে বিএনপি খালেদা জিয়ার মামলার রায়কে ইস্যু করে আবারও নির্বাচনে না আসার পথ খুঁজছে।’

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে আজ রোববার সকালে পায়রা বন্দরের ওয়্যার হাউস ভবনের উদ্বোধন এবং সার্ভিস জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘খালেদা জিয়ার এই মামলা আওয়ামী লীগ সরকার করেনি। করেছে তত্ত্বাবধায়ক সরকার। মামলার মোটিভ দেখে তাঁরা নিজেরাই পরিণতি সম্পর্কে বুঝতে পারছে। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধানসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা হয়েছে।’

স্থানীয় এমপি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি কীভাবে নিশ্চিত হলো খালেদা জিয়ার সাজা হবে? বিএনপি নেত্রী চুরি করেছেন বলে মনে করছেন সাজা হবে। মামলার রায় ঘোষণার আগে দেশে অরাজকতা সৃষ্টির কোনো পরিকল্পনা সফল হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম বিএন, কলাপাড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান প্রমুখ।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০ কোটির বেশি টাকা ব্যয়ে পায়রা বন্দরের ওয়ার হাউস নির্মাণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ কাজটি সম্পন্ন করেছে। তা ছাড়া এ বছরের ২৭ জুন সার্ভিস জেটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ জেটিতে পাঁচ মিটার গভীরতার জাহাজ পণ্য নিয়ে সরাসরি ভিড়তে পারবে বলে পায়রা বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।