স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও প্রশাসন চট্টগ্রামের ফটিকছড়ির তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের পরাজিত তিন প্রার্থী।
ফটিকছড়ির পাইন্দং, হারুয়ালছড়ি ও কাঞ্চননগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম সিকদার, জুলফিকার আলী ভুট্টো ও দিদারুল আলম গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা পরাজিত হন।
সংবাদ সম্মেলনে তিন পরাজিত প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ আলম সিকদার। লিখিত বক্তব্যে বলা হয়, ‘নির্বাচনে স্বতন্ত্র লেবাসধারী জামায়াত ও বিএনপির প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নির্লজ্জভাবে প্রশাসনকে ব্যবহার করেছেন। তরিকত ফেডারেশনের ব্যানারে নজিবুল বশর কৌশলে আওয়ামী লীগে ভিড়েছেন, কিন্তু ফটিকছড়িতে তিনি বিএনপি ও জামায়াতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। এবার তিন ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র ব্যানারে দুই জামায়াত প্রার্থীকে নির্বাচিত করতে সব ধরনের অপকৌশল প্রয়োগ করেছেন সাংসদ। এ কাজে তাঁর প্রধান সহযোগী ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।’
ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্র থেকে আওয়ামী লীগের প্রার্থীদের বের করে দেওয়া হয় অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশাসনের বিরোধিতার কারণে বাধ্য হয়ে দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন তাঁরা।
তিন প্রার্থী অবিলম্বে ওই তিন ইউনিয়নে পুনর্নির্বাচন দেওয়ার পাশাপাশি সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ির ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। পুরো ফটিকছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণ যাঁকে ভোট দিয়েছেন, তিনিই নির্বাচিত হয়েছেন। পরাজয়ের কারণে তাঁদের মনে হয়তো ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ থেকেই তাঁরা এ ধরনের অভিযোগ তুলেছেন।
অভিযোগ অস্বীকার করে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফটিকছড়িতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে। ওই দিন চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার ফটিকছড়িতে ছিলেন। আমি ঢাকায় ছিলাম। পরাজিত যেসব প্রার্থী অভিযোগ তুলেছেন, তাঁরা আসলে ওই দিন কেন্দ্র দখল করে ভোট চুরি করতে পারেননি। ওই ক্ষোভ থেকে তাঁরা এখন আমার ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানায় বরং এই তিনজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।’