জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সঙ্গে অনেক শীর্ষ নেতার স্নায়ুযুদ্ধ চলছে। এসব কারণেই সমশের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন। বিএনপি থেকে আরও অনেকেই পদত্যাগ করতে পারেন।
যুক্তরাজ্য থেকে দেশের ফেরার সময় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দলীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিসবাহউদ্দিন সিরাজ এ কথা জানান।
মিসবাহউদ্দিন বলেন, গত ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান সৈয়দ আশরাফ। দেশে ফেরার পথে গতকাল সকালে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতি করেন। এ সময় সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেছেন সৈয়দ আশরাফ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে সমশের মবিন প্রসঙ্গ এসেছে।
মিসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।...তা অনেকটা মতবিনিময় সভায় রূপ পায়। নেতারা সমশের মবিন প্রসঙ্গে জানতে চান। আমি তাঁদের জানাই, সমশের মবিন একজন জ্যেষ্ঠ নেতা। তাঁর সঙ্গে বিএনপির আদর্শিক দূরত্ব নয়, খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। বিষয়টি প্রায় ছয় মাস ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে জানাশোনার মধ্যে ছিল। তাঁর ক্ষুব্ধতার একটি বহিঃপ্রকাশ ঘটল মাত্র। মন্ত্রী এ বিষয়ে অবহিত হয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, দলটি থেকে আরও অনেকে পদত্যাগ করবেন।’
সমশের মবিন প্রসঙ্গ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থিতার বিষয় নিয়ে সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন সিলেটের নেতারা। তাঁরা দলীয় পরিচয়ে শুধু সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন করার পক্ষে মত দেন। ইউনিয়ন পর্যায়ে দলীয় পরিচয়ে নির্বাচন করার ব্যাপারে দ্বিমতের বিষয়টি মন্ত্রীকে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান প্রমুখ।
সৈয়দ আশরাফের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও গতকাল যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। সকাল ১০টা ২০ মিনিটে তাঁদের বহনকারী বিমানটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ১১টা ১০ মিনিটে সেটি হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।