'বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মেয়াদ শেষে ২০১৯ সালে সঠিক সময়ে নির্বাচন হবে। আগামী নির্বাচনে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রামের ভূরুঙ্গমারীর সোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এরপর এক সমাবেশে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, শিগগিরই সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হবে।
এরপর বিকেল চারটায় চিলমারী ঘাটে চিলমারী নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন শাজাহান খান। পরে তিনি থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (বীর বিক্রম)।
উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাংসদ মাঈদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, সাংসদ মোস্তাফিজুর রহমান, দেশবন্ধু গ্রুপের চেয়ারমান সিআইপি গোলাম মোস্তফা প্রমুখ।