'বিএনপি নয়, সংকটে দেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বি​এনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতা–কর্মীরা l ছ​িব: প্রথম আলো
বি​এনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতা–কর্মীরা l ছ​িব: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সংকট নেই, সংকটে আছে বাংলাদেশ। তিনি বলেন, হয়তো ভুলত্রুটি আছে, কিন্তু বিএনপিই একমাত্র দল, যে দল দেশের মানুষের হৃদয়ে আছে।
গতকাল সোমবার বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল ছিল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে খালেদা জিয়া মোনাজাতে অংশ নেন। এ ছাড়া সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে জমায়েত হন।
খালেদা জিয়া জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছার আগে পল্লবী থানা বিএনপির দুটি পক্ষের মধ্যে ধাক্কা–ধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিকেলের আলোচনা সভায় খালেদা জিয়া প্রধান অতিথি থাকার কথা থাকলেও তিনি আসেননি। দর্শক সারিতে খালেদা জিয়ার জন্য রাখা বিশেষ চেয়ারটি শেষ পর্যন্ত খালি ছিল। তাঁর না আসার কারণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।
আলোচনা সভায় মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এখন দ্বন্দ্বের সময় নয়। ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘মামলা করে আমাদের পিছু হঠিয়ে রাখবেন, আর মনের সুখে যা খুশি করবেন, তা ভাবলে আহাম্মকের স্বর্গে বাস করছেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ যা করছে, বিএনপিও তা করবে—মানুষের এ ধারণা বদলে দিতে হবে। স্পষ্ট করতে হবে যে বিএনপি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করছে। তিনি বলেন, ‘কাউকে দোষারোপ করে লাভ নেই। ঢাকার মানুষ সচেতন। তারা বিএনপিকে ভোট দেবে। কিন্তু বিএনপির জন্য জীবন দেবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমদ বলেন, বিএনপির অশ্লীল কথা বলার প্রয়োজন নেই। জনগণকে সম্পৃক্ত করতে হবে, কর্মীদের উদ্দীপ্ত করতে হবে। নেতাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বিএনপির মতো দলের হতাশা মানায় না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, দেশ মহাসংকটে। বিএনপির সামনে বড় দায়িত্ব। বিএনপিকেই এ সংকট থেকে দেশকে উদ্ধার করতে হবে।
আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম প্রমুখ।