'বিএনপি রামপালবিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে'
বিএনপি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে চলমান আন্দোলনে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। আজ সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শামসুল হক বলেন, ‘২০১৩ সালে খালেদা জিয়া হেফাজতে ইসলামকে উসকানি দিয়েছিলেন। এখন তথাকথিত দেশপ্রেমিকদের উসকানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছেন। আমাদের নেত্রী বলেছেন, বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। জনগণ বোঝে নেত্রী কখনো দেশের ক্ষতি চান না।’
সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদার রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গেলে স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সংসদের কোরাম না থাকার দাবি তোলেন। এ সময় ডেপুটি স্পিকার বলেন, সংসদে ৬২ জন সদস্য উপস্থিত রয়েছে। কোরাম সংকট হয়নি।
তবে এ সময় অধিবেশন কক্ষে সামনের সারিতে সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের কেউই ছিলেন না। অধিবেশনের শুরুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ট্রেজারি বেঞ্চে কয়েকজন সাংসদ থাকলেও বিল পাসের পরপরই তাঁরা চলে যান।
আলোচনায় কামাল মজুমদার জনপ্রতিনিধিদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায়ের সমালোচনা করে বলেন, ‘আদালত বলেছেন আমরা সংসদ সদস্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারব না। আমরা সরকারের কোনো সহযোগিতা না নিয়ে নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার মণিপুর স্কুল অন্যান্য বছরের মতো এবারও জেএসসি-পিএসসিতে সারা দেশে প্রথম হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আমলাদের হাতে চলে গেলে ভালো ফল হবে না। তাই আমাদের হাতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তার জন্য ব্যবস্থা গ্রহণে শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’